• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

নির্বাচনের দাবিতে কর্মসূচি দিলো বিএনপি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির অংশ হিসেবে ৩০ জানুয়ারি মহানগর, থানা, জেলা ও পৌরসভায় কালো পতাকা মিছিল করবে দলটি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিল থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এ সময় তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে’ এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

গয়েশ্বর বলেন, আগামী ৩০ তারিখে আপনাদেরকে রাজপথে আসতে হবে। এখন থেকে প্রস্তুত নিতে হবে। অবৈধ ‘ডামি’ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানায় এবং সব পৌরসভায় কালো পতাকা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে চাই, এটা বিএনপির প্রতিশ্রুতি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নয়, দুর্নীতি লুটপাট অব্যাহত রাখার জন্য সরকার এই নির্বাচন করেছে। এরা জনগণের নয়, চীন-ভারত-রাশিয়ার সরকার। এই সরকারকে মানতে বাধ্য নই। সীমান্তে বিজিবির সদস্য মারা যায়, কোনো প্রতিবাদ নেই কেন?

বিদেশি সার্টিফিকেট দিয়ে আওয়ামী লীগ সরকারের বৈধ্যতা দেয়ার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, লুটপাটের জবাব জনগণ দেবে। রাজপথ থেকেই ভোটাধিকার, স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

বিএনপির নেতৃত্বে কোনো সঙ্কট নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি ভোট বর্জন করেছে, প্রতিহত করেনি। প্রতিহত করার আগেই মানে মানে কেটে পড়ুন। মামলা মোকদ্দমা দিয়ে লাভ নেই, সরকারের ধ্বংস অনিবার্য।
৩০ জানুয়ারি রাজপথে নামার প্রস্তুতি নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ