• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]

‘নির্বাচনে শেষ পর্যন্ত থাকব কি না, সেটা সময়ই বলে দেবে’

দেশের আওয়াজ ডেস্কঃ / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ জাতীয় পার্টি (জাপা) শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে কি না তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর কোর্ট চত্বরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভোটগ্রহণের এক সপ্তাহ আগে এক দিনে পাঁচটি আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। এ বিষয়ে প্রশ্ন করা হলে জাপা চেয়ারম্যান বলেন, ‘অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনের শেষ পর্যন্ত থাকেন না, কেউ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রকাশ করেন, আবার কেউ ঘোষণা করেন না। কেউ এমনিতেই বসে যান। পার্টির প্রার্থীদের মধ্যে আমার একটা নির্দেশ আছে, যারা নির্বাচন করতে চান, করতে পারেন। নির্বাচন করতে না চাইলে সেটিও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।’

প্রার্থিতা প্রত্যাহারের কারণ জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহার হুমকির কারণেও হতে পারে, অর্থের অভাবেও হতে পারে। অনেক প্রার্থী অর্থশালী হয়ে থাকেন না, অর্থের কারণেও অনেকে নির্বাচন থেকে সরে যায়। তবে নির্বাচনে অংশ নিয়ে আবার সরে যাওয়াটা ওই আসনের ভোটাররা ভালোভাবে দেখেন না। নির্বাচন থেকে সরে গেলে প্রার্থীরা অন্য কারও প্ররোচণায় কিংবা সমর্থনে বা আঁতাত করে অথবা ভয়ে সরে গেছে এমন একটা ম্যাসেজ যায়। যা রাজনীতির জন্য সুখবর নয়।’

জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন না আসা পর্যন্ত সঠিক করে বলা যাচ্ছে না। নির্বাচনে শেষ পর্যন্ত থাকব কি না সেটা সময়ই বলে দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করেন।’

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, দলের ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ