• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে

দেশের আওয়াজ ডেস্ক : / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘‘২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা যে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে তা জানিয়ে আমরা নির্দেশনা জারি করেছি। আসলে এখন কোনো বিশেষ পরিস্থিতি নেই, ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষা যে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে তা বোঝা যায়। কিন্তু বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও অভিভাবকরা বারবার আমাদের কাছে জানতে চাচ্ছিলেন। তাই আমরা ওই নির্দেশনা জারি করেছি।’’

গত ২৩ জুন এনসিটিবি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে এই নির্দেশনা পাঠিয়েছে।

এতে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবে। সেই পরীক্ষাগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ সময় ও নম্বরে নেওয়া হবে।

এনসিটিবি অনুরোধ করেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যেন দেশের সব শিক্ষাবোর্ড ও প্রতিষ্ঠানকে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করা হয়। এরপর ২০২১ সাল থেকে সীমিত পরিসরে ও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়। এমনকি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন, যা শুরু হবে ২৭ জুন থেকে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ