• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

সোমালিল্যান্ড ইস্যুতে ইসরায়েলের স্বীকৃতি বাতিলের আহ্বান বাংলাদেশের

দেশের আওয়াজ ডেস্ক : / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

তথাকথিত সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির ঘটনায় স্পষ্ট অবস্থান জানিয়ে তা প্রত্যাখ্যান ও নিন্দা করেছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং মুসলিম বিশ্বের ঐক্য রক্ষায় ওআইসির সম্মিলিত সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণভাবে একাত্ম।

শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২২তম বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

এই বিশেষ অধিবেশন ডাকা হয় তথাকথিত সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, এর ফলে সোমালিয়ার ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব, পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে।

বক্তৃতায় মো. তৌহিদ হোসেন ওআইসির প্রতি আহ্বান জানান, যেন তারা ইসরায়েলের এই সিদ্ধান্তকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানায় এবং সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সংগঠনটির অটল সমর্থন পুনর্ব্যক্ত করে।

তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। এই নীতিগত অবস্থান থেকেই বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতার পক্ষে অবস্থান নিচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জবরদস্তি নয়—ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক কাঠামোই শেষ পর্যন্ত বিজয়ী হবে।

এর আগে, ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের অধিবেশনের প্রস্তুতি হিসেবে একটি সিনিয়র কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর বিপুলসংখ্যক প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি প্রকাশ করা হয় এবং ওআইসির কার্যক্রমে ফিলিস্তিনি ইস্যুর গুরুত্ব পুনরায় তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ