• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]

সিঙ্গাপুরে নেয়া হবে ওসমান হাদিকে : প্রেস উইং

দেশের আওয়াজ ডেস্ক : / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও এমপি প্রার্থী শরীফ ওসমান হাদিকে সরকারি খরচে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে দেশটিতে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

কল কনফারেন্সে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান অধ্যাপক ইউনূসকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল (সোমবার) দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়।

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এদিকে, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এর মধ্যেই ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হাদির ওপর হামলার ঘটনায় মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীদের দেশ ছাড়ার তথ্য পুলিশের কাছে নেই। তারা যাতে দেশ ছাড়তে না পারে, সেজন্য বিজিবিসহ সব ইমিগ্রেশন সতর্ক আছে।’

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘গ্রেপ্তারদের মধ্যে ১ জন বাইকের মালিক। বাকি ২ জন মানব পাচারের সঙ্গে জড়িত। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে হামলাকারীদের বিষয়ে তথ্য নেবে পুলিশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ