বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১ ডিসেম্বর) সিপিডির ৩০ বছরের পথচলায় অংশীজনদের নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, সিপিডি সবসময় কাজ করেছে স্রোতের বিপরীতে গিয়ে। দেশের স্বার্থে নীতিনির্ধারকদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। এমনকি জুলাই গণ-অভ্যুত্থানে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম বড় অবদান রেখেছে।
অনুষ্ঠানে সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান তুলে ধরেন প্রতিষ্ঠানটির গত ৩০ বছরের কাজের পরিধি। তিনি জানান, গণমানুষের জন্য কাজ করা অব্যাহত রাখবে সিপিডি। আর ভবিষ্যতে যেন সিপিডি ভয়হীনভাবে কাজ করতে পারে সে আশা প্রকাশ করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক রওনক জাহান।
অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার একদিনে সম্ভব নয়। গণতান্ত্রিক উপায়ে সংস্কার না হলে তা টেকসই হবে না।
১৯৯৩ থেকে ২০২৪, ৩০ পার করে ৩১ বছরে চলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সিপিডির ৩০ বছরের পথচলায় অংশীজনদের নিয়ে রাজধানীর ব্রাক সেন্টারে দিনব্যাপী আয়োজন করে।