• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

‘সংসদ নির্বাচন আয়োজনে জটিলতা নেই’

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো.জাহাংগীর আলম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো জটিলতা নেই।সোমবার (৩০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক হয়।

ইসি সচিব সাংবাদিকদের বলেন, গোয়েন্দা সংস্থার প্রধানেরা যে বক্তব্য দিয়েছেন, তাদের যে প্রতিবেদন, এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। যেহেতু গতকাল হরতালের পর তিন দিনের অবরোধ দিয়েছে বিএনপি, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন, যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটে।

ইসি সচিব জাহাংগীর আলম সভার আলোচনার প্রসঙ্গে বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিশ্চিত করা হবে, কোন পদ্ধতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত বিষয় ও নিরাপত্তা নিশ্চিতের সার্বিক বিষয়ে এ সভায় আলোচনা হয়েছে। ভোটের আগে আরও অনেক সভা হবে।

ইসি সচিব জানান, বৈঠকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের তথ্য উপস্থাপন করেছে। বিভিন্ন বাহিনীর প্রধানরা অতীতে তাদের জনবলকে কীভাবে কেন্দ্রে ও অন্য কাজে নিয়োজিত করা হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনে কীভাবে দায়িত্ব পালন করতে হবে, তা তুলে ধরেছেন। সভায় প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য শুনেছেন এবং কিছু নির্দেশনা দিয়েছেন। এ আলোকে পরবর্তী সময়ে পরিপত্র জারি, কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে মোতায়েন করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে।

ইসি সচিব জাহাংগীর আরও বলেন, ভোটকেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে, নাকি আগের রাতে পৌঁছাবে, তা নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে।

ইসি সচিব বলেন, একটি বড় রাজনৈতিক দল হরতাল শেষে সর্বাত্মক অবরোধের কর্মসূচি দিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কী পর্যবেক্ষণ রয়েছে, তা কমিশনকে অবহিত করেছে। আবার যখন পরবর্তী সিচুয়েশন (পরিস্থিতি) আসবে, তখন কমিশনকে অবহিত করবে; তার আলোকে পরিস্থিতি দেখে ওই সময়ে সিদ্ধান্ত হবে। কমিশনের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনমতে মনে হয়েছে, এখন পর্যন্ত পরিবেশ সন্তোষজনক রয়েছে।’

আইনশৃঙ্খলা সভায় বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই, ডিজিএফআইয়ের মহাপরিচালক এবং এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ছিলেন।

সিইসির সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান, রাশিদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সব কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ