জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে জুলাইযোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর সংসদ ভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে দফা দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে সংসদ ভবন এলাকার দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়া ‘জুলাইযোদ্ধাদের’ বের করে দিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংসদের দেয়াল টপকে ভেতরে ঢুকে জুলাই সনদ অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নেওয়া জুলাইযোদ্ধাদের সরে যেতে পুলিশ প্রথমে সতর্ক করে। এরপর তাদের বলপ্রয়োগ করতে দেখা যায়।
কাদানে গ্যাঁস নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেওয়া হতে থাকলে কিছু জুলাইযোদ্ধা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলতে থাকেন, আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা রাজনীতি করবেন, অথচ আমাদের আইনি স্বীকৃতি দেবেন না। এরপর আমাদের কেন পেটানো হলো।
এক পর্যায়ে জুলাইযোদ্ধারা পিছু হটেন। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনীও কাদানে গ্যাস ছুড়ে তাদের দূরে সরিয়ে দিতে থাকে।
শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে সংসদের দক্ষিণ গেটের ওপর দিয়ে প্রথমে প্রবেশের চেষ্টা করেন বিক্ষুব্ধ জুলাইযোদ্ধারা। পরে ফটক খুলে দেন দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মূল মঞ্চের সামনে গিয়ে জড়ো হন তারা।
এ সময় বিক্ষোভ করতেও দেখা যায় জুলাইযোদ্ধাদের। মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়ে তাদের শান্ত হয়ে আসন গ্রহণের আহ্বান জানানো হয়। মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন জুলাইযোদ্ধারা।
তাদের অভিযোগ, জুলাইযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়নি। জুলাই সনদে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি।