সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আট সাংবাদিক। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। হামলাকারীরা সাংবাদিকদের মুঠোফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিকেরা হলেন- দৈনিক দিনকালের পারভেজ সরকার, এশিয়ান টিভির নেছার উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার সোহরাব হোসেন, দৈনিক ডাক প্রতিদিনের মো. আনোয়ার হোসেন, আমার দেশের আবু বক্কর ছিদ্দিক, কালবেলার জহিরুল ইসলাম (মারুফ), সাংবাদিক মো. শাহজালাল ও সাইফুল ইসলাম (সজীব)। এছাড়া হামলাকারীরা সোহরাব হোসেনের পরিবারের সদস্যদেরও মারধর করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাহাবাদ গ্রামের উটখাড়া মাজারের খাদেম আবদুল খালেক ফকিরের স্ত্রী কমলা খাতুনের পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহজাহানের পরিবারের দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটে। এর আগে বিরোধ নিয়ে একাধিকবার সালিস এবং মামলা হলেও সমাধান হয়নি।
ঘটনার দিন সালিস বসার আগে স্থানীয় একটি চায়ের দোকানে বসে তথ্য নিচ্ছিলেন সাংবাদিকেরা। হঠাৎ শাহজাহান, জসীম উদ্দিন, সাগর মিয়া, মজনু মিয়া, বিল্লাল হোসেনসহ ২৫-৩০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক বলেন, “আমরা আটজন রাস্তা বন্ধের বিষয়ে সরেজমিনে দেখতে যাই। স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় ২৫-৩০ জন অতর্কিত হামলা চালায়।”
দেবীদ্বার থানার তদন্ত কর্মকর্তা মো. মাঈনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং হাসপাতালে সাংবাদিকদের খোঁজখবর নেয়। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।