• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

শেখ হাসিনার দৃঢ়তার প্রতিচ্ছবি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরুর সময় যে বাজেট দেওয়া হয়েছিল গত ৫৩ বছরে তার আকার বেড়েছে হাজার গুণেরও বেশি। সঙ্গে বেড়েছে প্রবৃদ্ধিও। ৭১৯ কোটি টাকার প্রথম বাজেট থেকে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ছুঁয়েছে বাংলাদেশ। ২০২৪-২০২৫ অর্থবছরের এই বাজেট দেওয়া হলো ক্ষমতাসীন আওয়ামী লীগের টানা চার মেয়াদের প্রথম অর্থবছরে। ফলে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেশ উৎফুল্ল। অন্যদিকে বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক টালটামাল পরিস্থিতি বিরাজ করছে, তখন দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের এই বাজেটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবলের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন অনেকে।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নানা সংকটময় সময়ে শক্ত হাতে হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে করোনাকালে সারাবিশ্ব যখন থমকে গিয়েছিল তখনও দেশের অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছে শেখ হাসিনার সরকার। পরবর্তীতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নানামুখী প্রভাবও দক্ষ হাতে সামলে নিতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা। যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে।

শুধু তাই নয়, বিশ্বে বাংলাদেশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু অনেকটা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দেশ পরিচালনা ও অর্থনীতিতে শক্ত ভীতের ওপর দাঁড় করাতে তার নেতৃত্বের প্রশংসাও করেছেন প্রভাবশালী অনেক দেশের সরকার প্রধান।

অন্যদিকে দেশের অর্থনৈতিক শক্তির জানান দিচ্ছে পদ্মা সেতু, মেট্রোরেলসহ বড় বড় মেগা প্রকল্প। এমন প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সাহসের প্রশংসাও করছেন অর্থনীতিবিদরা।

এবারের প্রস্তাবিত বাজেটে যেসব বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা।

এদিকে এবারও বাজেট উপস্থাপনের দিনে অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন হয় প্রস্তাবিত বাজেট। এসময় মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে বেশ হাসিমুখে দেখা গেছে সরকার প্রধানকে।

যদিও বড় আকারের এই বাজেট বাস্তবায়ন নিয়ে কিছুটা ভিন্নমত আছে অর্থনীতিবিদদের মধ্যে। তারা বলছেন, বড় আকারের বাজেট দেওয়া একদিকে যেমন সাহসের, অন্যদিকে তা বাস্তবায়ন করা না গেলে তাকে উচ্চভিলাষী বাজেট বলা যায়।

অর্থনীতিবিদরা বলছেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত ১৬ বছরে গড় প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপরে রয়েছে। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির আকার বাড়ছে। অর্থনীতির আকার বাড়লে বাজেটের আকারও বাড়বে, এটাই স্বাভাবিক।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, প্রতি বছর বাজেটের আকার বাড়লেও বাস্তবায়নের হার কমছে। তাই বাজেটের আকার বাড়ার সঙ্গে সঙ্গে বাস্তবায়নের হার বাড়াতে হবে। বাজেটের গুণগত মান ও বাস্তবায়নের হার না বাড়লে তখন বাজেটকে উচ্চাভিলাষী বলা যায়।

কেমন ছিল আওয়ামী লীগের টানা ১৫ বাজেটের আকার

২০০৯-১০ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ১১৩,৮১৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। ২০১০-১১ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ১৩২,১৭০ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ১৬৫,০০০ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ১৯১,৭৩৮ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ৪ লাখ ২৭০ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে আ হ ম মুস্তফা কামাল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে আ হ ম মুস্তফা কামাল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।

১১ খাতকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবিত বাজেট

প্রস্তাবিত বাজেটে ১১টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো হলো— অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, বিজ্ঞান শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন সহায়ক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ, কৃষি খাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৌলিক স্বাস্থ্য সেবা উন্নত ও সম্প্রসারিতকরণ, তরুণদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিতকরণ, সম্ভাব্য সব সেবা ডিজিটালাইজ করাসহ সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার, ভৌত অবকাঠামোর উন্নয়ন, সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণ ইত্যাদি।
সুত্রঃ ঢাকা মেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ