• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]

মামলার জালে শেখ হাসিনা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিনই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমান। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে খুন, গুম ও নৃশংস হত্যাযজ্ঞের অভিযোগে একের পর এক অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে সবশেষ ছাত্র-জনতার গণআন্দোলকে দমন করতে অন্তত সাড়ে ৬০০ মানুষকে হত্যা ও গণহত্যা, বিডিআর বিদ্রোহ ও গুমের অভিযোগে শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেশজুড়ে একের পর এক হত্যা মামলা হচ্ছে। গেল ১৩ আগস্ট থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ১৭ দিনে ১০২টি মামলার আসামি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।

কেবল তার নামে রাজধানীসহ সারা দেশে দায়ের হওয়া এসব মামলার মধ্যে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮টিসহ ৯৬টি হত্যা ও বিডিআর বিদ্রোহে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা ছাড়াও হত্যাচেষ্টা মামলা রয়েছে। ফলে ভারতে আশ্রয় নেওয়া পতিত সরকারপ্রধান ইতোমধ্যেই মামলার জালে ফেঁসে গেছেন বলে মনে করছেন অনেকে।

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত ১৩ আগস্ট প্রথম রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়। ওইদিনই প্রথমে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জ লায়ন শোরুমের কর্মচারী নাদিমুল হাসান এলেনকে গুলি করে হত্যার অভিযোগে সবশেষ গতকালও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই দিনে গণহত্যার ঘটনায় হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল হয়। এই গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে ৩২ জন সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আটটি অভিযোগ করা হয়েছে। প্রথম মামলা করা হয়েছে ১৩ আগস্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা করেন।

আইনজীবীদের কেউ কেউ মনে করছেন, এসব মামলার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের মামলা হাসিনার জন্য বিপজ্জনক হতে পারে।

তবে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী-এমপি ও নেতাদের বিরুদ্ধে ঢালাওভাবে সিরিজ হত্যা মামলার ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশের জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী। তারা বলছেন, ফৌজদারি মামলায় এফআইআর বা এজাহারকে মামলার মৌলিক ভিত্তি বলে মনে করা হয়। এর কোনো শব্দ পরিবর্তন করা যায় না। কিন্তু সংশোধিত এজাহার বলে কিছু নেই।

এটি বিচারে গ্রহণযোগ্য হয় না। এসব মামলা প্রসঙ্গে আইনজীবী সারা হোসেন বলেছেন, এগুলো টিকবে না এবং প্রথম ধাপ পার হতে পারবে না। ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে মামলাগুলো। কিন্তু এসব মৃত্যুর ঘটনায় যেসব হত্যা মামলা হয়েছে দেখা যাচ্ছে সেগুলোর এজাহারের ধরন প্রায় একই রকমের। হত্যা মামলায় অর্ধশত কিংবা শতাধিক আসামির মামলা আদালতে প্রমাণ করা কঠিন হয়ে পড়বে। প্রায় একই ধরনের মন্তব্য করে জোষ্ঠ্য আইনজীবীরা বলেছেন, এতে প্রকৃত অপরাধী পার পেয়ে আহত ও নিহতদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারে।

এদিকে এসব মামলায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশিদ এবং আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদ ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণসহ স্থানীয় নেতা-কর্মীরাও এসব মামলায় আসামি হয়েছেন। এদের কয়েকজন ইতোমধ্যেই গ্রেপ্তার হয়ে পুলিশ রিমান্ডে রয়েছেন।

শেখ হাসিনার নামে ১০২ মামলা:

জানা গেছে, ছাত্র-জনতার তুমুল আন্দোলনে মুখে দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত ১৩ আগস্ট প্রথম রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়। এরপর থেকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট ১০২টি হত্যা মামলা করা হয়েছে। হত্যা মামলাগুলোর মধ্যে ১৩ আগস্ট একটি, ১৪ আগস্ট একটি, ১৫ আগস্ট তিনটি, ১৬ আগস্ট ঢাকা ও বগুড়ায় পৃথক দুটি, ১৭ আগস্ট ঢাকা ও চট্টগ্রামে পৃথক তিনটি, ১৮ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আটটি, ১৯ আগস্ট ঢাকা ও চট্টগ্রামে চারটি, ২০ আগস্ট ঢাকা, বগুড়া, জয়পুরহাট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে ১০টি, ২১ আগস্ট ঢাকায় পাঁচটিসহ গাজীপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা, আশুলিয়া ও চট্টগ্রামে ১০টি, ২২ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ১০টি, ২৩ আগস্ট ঢাকাসহ সারাদেশে ১৪টি এবং ২৫ আগস্ট বিডিআর বিদ্রোহের ঘটনাসহ দুটি ছাড়াও রাজধানীতে আরও ১০টিসহ মোট ১০০টি হত্যা মামলা হয়েছে। সবশেষ গতকাল সাংবাদিক হাসান মাহমুদকে হত্যায় কেরানীগঞ্জে ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি মামলা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮ মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত আটটি অভিযোগ করা হয়েছে। প্রথম মামলা করা হয়েছে ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা করেন। গত ২১ আগস্ট তিনটি অভিযোগ করা হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ শাহরিয়ার বিন মতিনের নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মিরপুরে সংঘটিত ‘গণহত্যায়’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দুটি অভিযোগ করা হয়েছে। শেখ হাসিনাসহ একটিতে ৭০ জন এবং অপরটিতে ৭৩ জনকে আসামি করা হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে হত্যা ও গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০০ জনের বিরুদ্ধে চারদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যার অভিযোগ করা হয়েছে। মামলাটি করেন নিহতের বাবা মো. আব্দুল মতিন। সবশেষ গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যায় উসকানির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাস ও ৩২ জন সাংবাদিকসহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে।

আইনজীবীদের মতে ‘ফৌজদারি মামলায় এফআইআর বাইবেল’: শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে গণহারে মামলা প্রসঙ্গে আইনজীবীরা বলছেন, ফৌজদারি মামলায় এফআইআর বা এজাহারকে মামলার মৌলিক ভিত্তি বলে মনে করা হয়। এর কোনো শব্দ পরিবর্তন করা যায় না। কিন্তু সংশোধিত এজাহার বলে কিছু নেই। এটি বিচারে গ্রহণযোগ্য হয় না।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, এজাহার একবারই হয়। এগুলো কিছুতেই কোর্টে টিকবে না। ক্রিমিনাল কেইস হলো স্থান, সময় এবং ঘটনা সংঘটনের স্থান। এই তিনটার হেরফের হলে তাহলে আর টেকে না। আর ফৌজদারি মামলায় এফআইআর বাইবেল হিসেবে পরিগণিত হয়।

অর্থাৎ এর সামান্য দাড়ি, কমা পরিবর্তন হলে এটা বাদ। তিনি বলেন, তদন্তে ফারদার তথ্য আসতে পারে। কিন্তু এফআইআর দুইটা হতে পারে না। দু’টা হলে এটা ভুয়া বলে প্রমাণিত হওয়ার সুযোগ থাকে। এক মামলায় দুই এফআইআর হতেই পারে না। এর ফলে এসব মামলা আগেই দুর্বল হয়ে যায়।

সুপ্রিম কোর্টের আরেক জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক মনে করছেন, এ ধরনের সংশোধনীর কারণেই মামলা ইতোমধ্যেই আইনগতভাবে দুর্বল হয়ে গেছে। এসব মামলায় বর্তমানে যে মন্ত্রীদের অভিযুক্ত করা হচ্ছে, বিচার করে তাদের দোষী সাব্যস্ত করার সম্ভাবনা খুবই কম। ঘটনার সময় দেশে না থাকলেও এভাবে ঢালাওভাবে আসামি করায় এ রকম মামলার ভবিষ্যৎ খুবই অন্ধকার হতে পারে বলে মনে করছেন তিনি। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেনের মতে, এ ধরনের মামলা ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে। অনেকদিনকার যে চর্চা এসব মামলায় তারই পুনরাবৃত্তি হচ্ছে।

যেভাবে মামলাগুলো সাজানো হচ্ছে, কন্ট্রাডিকটরি যদি সাজানো হয়, যা হয়েছে সঠিকভাবে সেটা না বলে অন্য কাহিনী যদি এখানে আসে তখনতো এদের সঠিক বিচার পাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। ঝুঁকির মধ্যে পড়ছে মামলাগুলো।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন।

এরমধ্যে গত ১৩ আগস্ট প্রথমে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলক, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, একাত্তর টিভির সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রূপা, ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক এমপি সাদেক খান এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুত্রঃ রূপালী বাংলাদেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ