ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার ঐতিহাসিক রাজ্যাভিষেক উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণের পাশাপাশি নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল শনিবার (৬ মে) লন্ডনের ওয়েসমিনিস্টার অ্যাবে-তে আনুষ্ঠানিকভাবে রাজ মুকুট পরবেন রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা।
রাজ্যাভিষেক উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের অভিনন্দন জানিয়ে বলেন, আমি নিশ্চিত, দূরদর্শী এবং জ্ঞানী নতুন রাজার রাজত্বকালে যুক্তরাজ্যের জনগণ শান্তি ও সমৃদ্ধ একটি উন্নত ভবিষ্যৎ উপভোগ করতে পারবেন।
শেখ হাসিনা বলেন, আগামী দিনে কমনওয়েলথভুক্ত দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে আপনার (রাজা) সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সম্মানের।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজা এবং কমনওয়েলথের প্রধান হিসেবে তৃতীয় চার্লসকে আন্তরিক সমর্থন জানান। সেই সঙ্গে রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন সরকারপ্রধান।