বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত প্রধান কার্যালয় ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ে এই ভবন উদ্বোধন করেন তিনি। এ সময় মোনাজাতে অংশ নেন সরকারপ্রধান।
দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে ১৯৮ কোটি টাকা ব্যয়ে এক একর জমির ওপর ১২ তলা বিশিষ্ট বিডা ভবন নির্মাণ করা হয়।
ভবনটিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনএসডিএ প্রধান কার্যালয় আছে। সরকারপ্রধান আজ সেখানে পরিদর্শন করবেন।
বেলা ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের নবনির্মিত ভবনেরও উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সরকারপ্রধান।