প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দেন বলে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের জানান প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, যারা বাউলদের ওপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও এ বিষয়ে দ্রুতগতিতে কাজ করছে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রেস সচিব বলেন, ‘যে রোহিঙ্গা সংকট একসময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গুরুত্ব হারিয়েছিল, তা এখন আবার সামনে আনা হয়েছে।’
সমাধানের বদলে শেখ হাসিনা নিজেকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে উপস্থাপনে বেশি মনোযোগ দিয়েছেন বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, ‘এতে বাস্তব কাজ হয়নি।
প্রেস সচিব আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্মেলন এবং সরাসরি বৈশ্বিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে আবারও আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে স্থাপন করেছে।’
শফিকুল আলম জানান, রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর বিষয়ে চিফ অ্যাডভাইজার ঈদের সময় সম্ভাবনার কথা বললেও এসব কূটনৈতিক প্রক্রিয়ায় সময় লাগে। তিনি বলেন, ‘আজই ফল পাবেন না। তবে প্রচেষ্টা অব্যাহত আছে, আর আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি হবে।’