বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের দর স্থিতিশীল রাখার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামে আরও ১৩০ মিলিয়ন ডলার কিনেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ১২১.৭৫ পয়সা দরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১২৯.৫০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে চলতি বছর জুলাই থেকে এপর্যন্ত নিলামে ১.৮৮ বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।
চলতি মাসের ১৫ তারিখে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১২১.৭৫ দরে ৩৫৩ মিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এক সপ্তাহ ব্যবধানে একই দরে নিলামের মাধ্যমে ডলার কেনা হলো আরও ১৩০ মিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের একজন জেষ্ঠ কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক ১২১.৭৫ টাকা দরে ডলার কিনেছে, অর্থাৎ এটাই হচ্ছে ব্যাংকগুলোর জন্য ডলারের রেফারেন্স রেট।
বর্তমানে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার জন্য রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা সুবিধা পাচ্ছেন। আর বাংলাদেশ ব্যাংকও এ দুই সূচকের প্রবাহ ইতিবাচক রাখার জন্যই নিলামের মাধ্যেমে ডলার কিনছে। অন্যদিকে ডলার কেনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ-ও বাড়াচ্ছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) -এর নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের মতে, নিলামে ডলার কেনার মাধ্যমে সঠিক পদ্ধতি অবলম্বন করছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রাটির দর স্থিতিশীল পর্যায়ে রাখা সম্ভব হচ্ছে। এই পদক্ষেপ রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করছে।