• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]

বহু বছর পর দেশে প্রকৃত গণতান্ত্রিক ভোট হবে: প্রধান উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে বহু বছরের মধ্যে দেশের প্রথম প্রকৃত গণতান্ত্রিক ভোট। তিনি বলেন,গত ১৬ বছর যা হয়েছে, তা নির্বাচন নয়, বরং নির্বাচনের নামে উপহাস।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্যদূত রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে দুই নেতা বিমানবন্দর পরিচালনা, পরিচ্ছন্ন জ্বালানি উন্নয়ন, এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক অংশগ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আগামীর নির্বাচনী প্রস্তুতি নিয়েও মতবিনিময় হয়।

প্রফেসর ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সরকারি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ভোট শেষে আমি আমার আগের ভূমিকায় ফিরে যেতে চাই।

তিনি আরও জানান, ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সরকার একটি সমন্বিত কৌশল হাতে নিয়েছে, যেখানে আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোজি উইন্টারটন বাংলাদেশের সাম্প্রতিক ব্যবসা সংস্কার, শুল্ক ও রাজস্ব ব্যবস্থার উন্নয়ন, এবং শিক্ষা ও জ্বালানি খাতে অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের টেকসই উন্নয়নে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

এছাড়া বৈঠকে যুক্তরাজ্য থেকে অফশোর টহল জাহাজ ও গবেষণা-জরিপ জাহাজ ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ কেনার প্রস্তাব নিয়েও আলোচনা হয়। জানানো হয়, এন্টারপ্রাইজের অধিগ্রহণ প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশাররফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ