চলতি মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা দেশে ১১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা টাকার হিসেবে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) ১৪ হাজার ৪০৮ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অক্টোবরের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৯৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এছাড়া গত ১২ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ১৯ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৬ দশমিক ৩০ শতাংশ।
এর আগে গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।