আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রকার পোস্টারের ব্যবহার চায় না নির্বাচন কমিশন (ইসি)। বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠানো গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে ভোটের প্রচারে পোস্টার না রাখার প্রস্তাব করেছে ইসি। তবে একজন প্রার্থী তার সংসদীয় আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন করে এই বিধান যুক্ত করলো।
এছাড়া সংশোধন প্রস্তাবনায় নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াড কপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। আর বিলবোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৬ ফুট আর প্রস্থ ৯ ফুট হতে হবে।
নারীদের সাইবার বুলিং রোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায়।
আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় দণ্ড বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত এবং জরিমানার পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। শাস্তি হিসেবে ছয় মাসের কারাদণ্ডের আগের বিধান বহাল রাখা হয়েছে।