• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

পূজামণ্ডপে সিঁদুর খেলায় উচ্ছ্বাস, দেবী বিসর্জন সন্ধ্যায়

দেশের আওয়াজ ডেস্ক : / ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ হচ্ছে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে। সকালে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তরা সিঁদুর খেলা ও নানা আচার-অনুষ্ঠানে অংশ নেন। দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে ভক্তদের মধ্যে ছিল আনন্দ ও আবেগঘন পরিবেশ।

রাজধানীর সিদ্ধেশ্বরী কালীমন্দিরে সকাল থেকেই ছিল উপচেপড়া ভিড়। নারীরা দেবীর চরণে সিঁদুর অর্পণ করে পরে একে অপরের কপাল ও গালে সেই সিঁদুর মেখে মঙ্গল কামনা করেন। তরুণ-তরুণীরাও রঙের উচ্ছ্বাসে যোগ দেন।

ভক্তদের ভাষ্য অনুযায়ী, সিঁদুর খেলায় মূলত বিবাহিত নারীরা অংশ নেন। তবে এর মধ্য দিয়েই বিজয়ের প্রতীকী বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এই সিঁদুর সারা বছর সৌভাগ্য ও শান্তির প্রতীক হয়ে থাকে।

রাজধানীর মালিবাগ থেকে আসা কেয়া রানী সরকার বলেন, দশমীর দিনটা আনন্দের হলেও বেদনারও। দেবীকে বিদায় জানাতে হয়, তাই মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তবুও সিঁদুর খেলার মধ্য দিয়ে আমরা জীবনে কল্যাণ কামনা করি।

শুভশ্রী রায় জানান, সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন সম্পন্ন হয়েছে। এখন চলছে সিঁদুর খেলা, আর বিকেলে হবে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা।

পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা আজ বিকেল থেকে বিসর্জন দেওয়া হবে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর ১০টি নির্ধারিত ঘাটে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে।

বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিক শোভাযাত্রা শুরু হওয়ার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই পর্দা নামবে এবারের দুর্গোৎসবের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ