রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৫ থেকে ১৭ মার্চে অনুষ্ঠিত নির্বাচনে পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে আবারও রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পুতিন।
নির্বাচনে পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট।
এর আগে গত রোববার (১৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে এটি রেকর্ড। এতে করে ৭১ বছর বয়সী পুতিনের আরও ছয় বছর ক্ষমতায় থাকা পাকাপোক্ত হলো। ১৯৯৯ সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন।
দুবছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জেল হেফাজতে থাকাকালীন কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির মৃত্যু, যুদ্ধের জেরে ধুঁকতে থাকা অর্থনীতি- হাজারো বিরোধিতা সত্ত্বেও পুতিনের ভোটব্যাংকে কোনোটাই ছাপ ফেলতে পারেনি। রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে আরও একবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।
২০৩০ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন পুতিন। নতুন এই মেয়াদ শেষ হলে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রেসিডেন্ট থাকার নজির গড়বেন তিনি। টপকে যাবেন জোসেফ স্ট্যালিনকে।