• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

পিআর পদ্ধতি সম্পর্কে কিছুই জানেন না ৬৮ শতাংশ নারী

দেশের আওয়াজ ডেস্ক : / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

জাতীয় সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ধারণা নেই দেশের বড় অংশের ভোটারের। ৬৮ শতাংশ নারী এবং ৪৬ শতাংশ পুরুষ জানিয়েছেন-তারা এ পদ্ধতি সম্পর্কে কিছুই জানেন না।

পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক দ্বিতীয় দফার তৃতীয় পর্বের জরিপে এ তথ্য উঠে এসেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ব্রেইন ও ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় এ জরিপ পরিচালিত হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ার সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর।

জরিপটি পরিচালিত হয় গত ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ১০ হাজার ৪১৩ জন ভোটার অংশ নেন, যার মধ্যে ৫ হাজার ৬৩৯ জন পুরুষ এবং ৪ হাজার ৭১৯ জন নারী।

ফলাফলে দেখা যায়, নারী-পুরুষ মিলিয়ে ৫৬ শতাংশ উত্তরদাতা জানেন না পিআর পদ্ধতি কী। ২৭ শতাংশ পুরুষ ও ১৫ দশমিক ৫ শতাংশ নারী বলেছেন-তারা পিআর চান, আর ২৭ দশমিক ১ শতাংশ নারী ও ১৬ দশমিক ৩ শতাংশ পুরুষ জানিয়েছেন—তারা এ পদ্ধতি চান না।

রুবাইয়াত সারওয়ার বলেন, জরিপের ফলাফল প্রমাণ করে জনগণের মধ্যে উচ্চকক্ষের পিআর পদ্ধতি নিয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

এ জরিপে স্থানীয় পর্যায়ে দলীয় রাজনীতি নিয়ে ভোটারদের সন্তুষ্টির মাত্রাও তুলে ধরা হয়। এতে দেখা যায়, জামায়াতের কার্যক্রমে সন্তুষ্ট ৪৭ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা, যা সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে এনসিপি, তাদের কার্যক্রমে সন্তুষ্ট ৪০ দশমিক ৭ শতাংশ ভোটার।

অন্যদিকে বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট ৩৯ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা, আর একেবারেই সন্তুষ্ট নন ২৭ দশমিক ৬ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ