দেশে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে, তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে এবং দায়ী ব্যক্তি বা গোষ্ঠীকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতের দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে এক বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কিছু ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে শক্ত হাতে প্রতিহত করা হবে।
অন্তর্বর্তীকালীন সরকার দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় পুরোপুরি প্রস্তুত, এবং কোনো উসকানিমূলক তৎপরতা যাতে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ না করতে পারে, সেদিকে কঠোর নজর রাখা হবে।