• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

তৃতীয় সর্বোচ্চ মোবাইলে লেনদেন হয়েছে আগস্টে

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

মোবাইলে আর্থিক সেবা বা এমএফএস ব্যবহার প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশে মোবাইল ফোনে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ৩ হাজার ৬৫২ কোটি টাকা। একক মাসের হিসাবে এই লেনদেন তৃতীয় সর্বোচ্চ।

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত জুন মাসে মোবাইলের মাধ্যমে ১ লাখ ৩২ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন হয়। দৈনিক গড় লেনদেনের অঙ্ক ৪ হাজার ৪০৫ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয় এপ্রিল মাসে- এক লাখ ২৪ হাজার ৯৫৪ কোটি টাকা।

গত ২০২২-২৩ অর্থবছরের শেষ চার মাসেই (মার্চ, এপ্রিল, মে ও জুন) মোবাইলে লাখ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। চলতি ২০২৩-২৪ অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে তা কমে লাখ কোটি টাকার নিচে ৯৮ হাজার ৩০৬ কোটি টাকায় নেমে আসে। আগস্টে তা বেড়ে এক লাখ ৯ হাজার ৫৫৫ কোটি টাকা লেনদেন হয়েছে।

বাংলাদেশে গত এক দশকে এমএফএস জনপ্রিয় হয়েছে। গত আগস্টে এমএফএসে সব মিলিয়ে গ্রাহকের সংখ্যা ছিল ২১ কোটি ২৪ লাখ ২০ হাজার ৪৭৬ টাকা। তবে সক্রিয় গ্রাহক আট কোটির মতো।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত জানুয়ারিতে এমএফএসের মাধ্যমে লেনদেন হয়েছে ১ লাখ ৫৯৩ কোটি টাকা। ডিসেম্বরে এ খাতে লেনদেন ছিল ৯৬ হাজার ১৩২ কোটি টাকা।

২০১৮ সালের ডিসেম্বরে মোবাইলে লেনদেন হয়েছিল ৩২ হাজার ১১৬ কোটি টাকা। প্রতিদিনের গড় লেনদেন ছিল ১ হাজার ৭০ কোটি টাকা। এ হিসাবে দেখা যাচ্ছে, পাঁচ বছরের ব্যবধানে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ।

লেনদেনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গ্রাহক সংখ্যা। পাঁচ বছর আগে মোট গ্রাহক সংখ্যা ছিল ৬ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ৪৬৮। আগস্টে সেই গ্রাহক প্রায় তিনগুণ বেড়ে ২১ কোটি ২৪ লাখ ছাড়িয়েছে।

ব্যাংকিং সেবায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে মোবাইল ব্যাংকিং। কেবল টাকা পাঠানোই নয়, দেশের অর্থনীতিতে প্রতি মুহূর্তে গতি সঞ্চার করে চলেছে মোবাইল ব্যাংকিং। বিদ্যুৎ, গ্যাস, পানির বিল অর্থাৎ সেবামূল্য পরিশোধ, বেতন-ভাতা প্রদান, বিদেশ থেকে টাকা পাঠানো অর্থাৎ প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা এখন অন্যতম পছন্দের মাধ্যম। প্রতিদিন নতুন নতুন সেবা যোগ হচ্ছে।

দেশে মোবাইলের মাধ্যমে আর্থিক সেবার যাত্রা শুরু হয় ২০১১ সালের ৩১ মার্চ। বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক প্রথম এ সেবা চালু করে। পরে এটির নাম বদলে হয় রকেট। এরপর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমএফএস সেবা চালু করে বিকাশ। পরবর্তী সময়ে আরও অনেক ব্যাংক এ সেবায় এসেছে। তবে খুব সুবিধা করতে পারেনি। বর্তমানে বিকাশ, রকেটের পাশাপাশি মাই ক্যাশ, এম ক্যাশ, উপায়, শিওর ক্যাশসহ ১৫টি ব্যাংক এ সেবা দিচ্ছে। এর বাইরে ডাক বিভাগের সেবা নগদও দিচ্ছে এই সেবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ