তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রদেশের কারেসি জেলায় মঙ্গলবার ওই বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও আরও ৭ জন আহত হয়েছেন। তুর্কি বার্তা সংস্থা ইয়েনি সাফাক এ তথ্য দিয়েছেন।
স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেছেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বালিকেসির কারেসি জেলায় বিস্ফোরণে কারখানার ১২ জন কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত ৭ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার আশপাশের এলাকায় জানালার কাচ ও ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এ সময় সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
গভর্নর ইসমাইল বলেন, বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।বিস্ফোরণের পর কারখানাটিতে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে কারখানার ভেতরে কোনও কর্মী নেই।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে কারখানাটির একটি অংশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে ভবনটি ধসে যায়।