নির্বাচন আরও গ্রহণযোগ্য করতে উপজেলা নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও ধাপে ধাপে করার পক্ষে মত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সিইসি বলেন, ‘জাতীয় নির্বাচন যদি ধাপে ধাপে আয়োজন করা যায় তাহলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। এতে নির্বাচনের আয়োজন করতেও সহজ হবে।’
রোববার (২ জুন) আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে টিআইবির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে সংসদ নির্বাচন পাঁচ দফায় করার পরামর্শ দেয় টিআইবি। তাদের এই পরামর্শের সঙ্গে ইসি একমত জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের আইনে সীমাবদ্ধতা আছে। আমরা সেটিও স্বীকার করেছি।’
সিইসি বলেন, আমরা টিআইবিকে বলেছি- জাতীয় নির্বাচন ধাপে ধাপে করা যায় কি না, সে ব্যাপারে জনমত গড়ে তুলতে। কারণ ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে পারলে নির্বাচনকে আরও বেশি সুষ্ঠু করা যাবে। কারণ, তখন আরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা যাবে। আরও বেশি পোলিং এজেন্ট মোতায়েন করা সম্ভব হবে।
অনেকদিন ধরে উপজেলা নির্বাচন কয়েক দফায় অনুষ্ঠিত হচ্ছে। এবারও ষষ্ঠ ধাপের নির্বাচন চার দফায় অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপেও কোনো কোনো দলের পক্ষ থেকে কয়েক ধাপে জাতীয় নির্বাচন করার পরামর্শ এসেছিল।
নির্বাচন কমিশনের একার পক্ষে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করা সম্ভব নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটি করতে হলে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।
এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরীতা কমাতে এক টেবিলে বসার প্রয়োজনের কথাও তুলে ধরেন হাবিবুল আউয়াল।
সিইসি বলেন, সংস্কারের মাধ্যমে যদি পদ্ধতিগত উন্নয়ন করা যায় তাহলে ভোটে জনগণের অংশগ্রহণ বাড়বে। রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচন স্ট্যাবলও হবে না।
হাবিবুল আউয়াল জানান, ভবিষ্যতে নির্বাচনী আইনের সংস্কার করতে পরামর্শ দেবে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে পরবর্তী কমিশনকে পরামর্শও দেওয়া হবে জানান সিইসি।