বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৬ জুলাই) সকালে স্কুলটিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন তিনি। তিনি ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামেরও মোড়ক উন্মোচন করেন।
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অধ্যয়নকৃত বিদ্যালয়ে পৌঁছলে শিক্ষার্থীরা তাকে স্বাগত জানায়। শেখ হাসিনা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোজখবর নেন।
তিনি সেখানে কিছুক্ষণ সময় কাটান এবং শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন, যেখানে জাতির ওপর রচিত বিভিন্ন বই রাখা হয়েছে।
১৯১২ সালে প্রতিষ্ঠিত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্কুল।
গতকাল শুক্রবার রাতে দুইদিনের সরকারি সফরে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে মাওয়া থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন সরকারপ্রধান। টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন শেখ হাসিনা। দুপুরে নিজ বাসভবনে জোহরের নামাজ আদায় করবেন এবং মধ্যাহ্ন ভোজ করবেন। বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। বিকেল ৪টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।