নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শাপলা আর শাপলা কলির মধ্যে পার্থক্য রয়েছে। কারোর চাহিদা বিবেচনায় ইসির প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করা হয়নি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, কোনো দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় শাপলা কলি যুক্ত করেছে কমিশন নির্বাচন। কিছু কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য আসায় বিধিমালা সংশোধন করা হয়েছে। এই বিবেচনায় আগের যে ১১৫টি প্রতীক ছিল সেখান থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে নতুন করে কিছু প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে। এবার সংশোধিত তালিকায় ১১৯টি প্রতীক শিডিউলভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, শাপলা কলির সাথে আরও কিছু নতুন প্রতীক যুক্ত করা হয়েছে। এখানে নতুন করে বিতর্কের তো যৌক্তিক কোনো কারণ দেখছি না।
এর আগে, নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের আর্টিক্যাল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, উপরি-উক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে, অনুচ্ছেদ ২০ এর দফা (১) এর অধীন, স্থগিতকৃত প্রতীক ব্যতীত, নিম্নবর্ণিত প্রতীকসমূহ হইতে, প্রাপ্যতা সাপেক্ষে, যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে।
প্রজ্ঞাপনে প্রদত্ত প্রতীকগুলো হলো— আনারস, গাভি, টেলিভিশন, বই, রেল ইঞ্জিন, আম, গামছা, ডাব, বক, রিকশা, আলমিরা, গোলাপ ফুল, ড্রেসিং টেবিল, বাঘ, লিচু, ঈগল, ঘণ্টা, ঢেঁকি, বটগাছ, লাঙল, উট, ঘুড়ি, তারা, বাইসাইকেল, শাপলা কলি, উদীয়মান সূর্য, ঘোড়া, তালা, বালতি, সোনালি আঁশ, একতারা, চাকা, থালা, বেবি টেক্সি, সেলাই মেশিন, কাঁচি, চাবি, দাঁড়িপাল্লা, বৈদ্যুতিক পাখা, সোফা, কবুতর, চিরুনি, দালান, বৈদ্যুতিক বাল্ব, সিঁড়ি, কলম, চিংড়ি, দেয়ালঘড়ি, মই, সিংহ, কলস, চেয়ার, দোতলা বাস, মগ, সূর্যমুখী, কলার ছড়ি, কাঁঠাল, চশমা, দোয়াত-কলম, মাইক, হরিণ, কাপ-পিরিচ, ছড়ি, দোলনা, মোটরগাড়ি (কার), হাত (পাঞ্জা), কাস্তে, জগ, নোঙর, ছাতা, ধানের শীষ, মশাল, হাতঘড়ি, কেটলি, জাহাজ, নৌকা (স্থগিত), ময়ূর, হাতপাখা, হাঁস, কুমির, টর্চলাইট, পাগড়ি, মাছ, হাতি, কম্পিউটার, টিউবওয়েল, পানির ট্যাপ, মাথাল, হাতুড়ি, কুড়াল, টেবিল, পালকি, মিনার, হারিকেন, কুলা, টেবিল, প্রজাপতি, মোমবাতি, হ্যান্ডশেক, কুঁড়েঘর, টেবিলঘড়ি, ফলের ঝুড়ি, মোটরসাইকেল, মোবাইল ফোন, হুঁকা, কোদাল, খেজুরগাছ, ট্রাক, ফুটবল, মোড়া, হেলিকপ্টার, ট্রাক্টর, ফুলকপি ও মোরগ।