ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সম্প্রতি কলকাতায় খুন হয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। তবে নির্বাচন কমিশন বলছে, এমপি আনার মারা গেছেন কি না এখনো আনুষ্ঠানিকভাবে জানেন না তারা। এমন অবস্থায় আনারের আসনটি কবে নাগাদ শূন্য ঘোষণা করা হবে সেজন্য সংসদের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (৩ জুন) নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর সাংবদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন।
আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে ইসি আলমগীর বলেন, মৃত্যুজনিত কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটি আমি এ পর্যন্ত সংবিধানে দেখিনি।
একজন সংসদ সদস্যের যদি সাধারণ মৃত্যু কিংবা অস্বাভাবিক মৃত্যু ঘটে তাহলে সেই ক্ষেত্রে ওই আসনের বিষয়ে সংবিধানের কোথাও উল্লেখ করা আছে কি না- জানতে চাইলে সাবেক এই ইসি সচিব বলেন, ‘সংবিধানের ৬৬ বা ৬৭ অনুচ্ছেদে এ বিষয়ে আমরা কোনো কিছু উল্লেখ দেখি না। মৃত্যুজনিত কারণে সংসদ সদস্যপদ শূন্য হবে এটি আমি এ পর্যন্ত সংবিধানে দেখিনি। সাধারণত এটি ধরে নেওয়া হয় যদি সংসদ সদস্য মৃত্যুবরণ করেন তার পক্ষে তো আর সংসদে আসা সম্ভব নয়। এটি ধরে নিয়েই আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং আমাদেরকে যখন জানানো হয়, আমরা সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন করি।’
এমপি আনানের বিষয়ে ইসি আলমগীর বলেন, উনি মারা গেছেন কি, মারা যাননি সেটি তো আমরা জানি না। আমরা অফিসিয়ালি জানি না। এটি সংসদ থেকে গেজেট করে যখন জানাবে তখন আমরা জানতে পারব। উনি মারা গেছেন কি না। সংসদ যদি আসনটি শূন্য ঘোষণা করে তখন আমরা নির্বাচনের ব্যবস্থা করব। সব কিছু স্পষ্ট করে লেখা না থাকলে যে কাজ করা যাবে না তাতো নয়। আমরা যতক্ষণ পর্যন্ত গেজেট না পাব, ততক্ষণ পর্যন্ত নির্বাচন করতে পারব না।
এই নির্বাচন কমিশনার বলেন, স্বাভাবিক বা অপমৃত্যু যাই হোক না কেন এটা হলো সংসদের দায়িত্ব। স্পিকার যখন মৃত্যু সনদ পাবেন তখন সংসদ আসনটি শূন্য ঘোষণা করবেন। শূন্য ঘোষণা করলে গেজেট আমাদের কাছে পাঠিয়ে দেবেন। এরপরে আমরা নির্বাচনের ব্যবস্থা করব।
সংসদ সদস্যের মৃত্যুর কারণে আসন শূন্য হবে এটি সংবিধানে উল্লেখ নেই কেন জানতে চাইলে মো. আলমগীর বলেন, এটি কেন উল্লেখ করা হয়নি এটি তো আমি বলতে পারব না। সংসদ সচিব সাহেবকে জিজ্ঞেস করবেন, ওখানে যারা সংসদ সদস্য আছেন, ওনারা বললে বলতে পারেন। সংবিধানে থাকলে ভালো হতো। যেহেতু টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে স্পিকার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করেন। যদিও সংবিধানে স্পষ্ট করে বলা নেই মৃত্যুজনিত কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে।
‘ধাপে ধাপে নির্বাচনের সিদ্ধান্ত ইসি নিতে পারে না’
টিআইবির প্রস্তাবের সঙ্গে একমত হয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য ধাপে ধাপে জাতীয় নির্বাচনের কথা বললেও ইসি মো. আলমগীর দিয়েছেন ভিন্নমত। কমিশন এই সিদ্ধান্ত নিতে পারে না জানিয়ে ইসি আলমগীর বলেন, আমাদের বক্তব্য হলো- পদ্ধতি যেটাই হোক না কেন, পদ্ধতি ঠিক করবে রাজনৈতিক দল, সংসদ, ভোটার তারাই ঠিক করবেন। যে পদ্ধতিই অনুসরণ করা হোক না কেন, সংবিধানে যে অবস্থা থাকবে, সেই অবস্থার মধ্যে আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনটা সুষ্ঠু করার। ওটা নিয়ে আমাদের ব্যক্তিগত পছন্দ, অপছন্দ নেই।
সিইসির বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে এই কমিশনার বলেন, ‘ওইটা কমিশনের কোনো সিদ্ধান্ত হিসেবে বলেননি উনি। উনি যেটা বলেছেন সেটা হলো যে, একাডেমিক ডিসকাশনের ক্ষেত্রে উনি মনে করেন সেইটা। এ রকম সিদ্ধান্ত দেয়নি যে কমিশন মনে করে এই পদ্ধতিটা ভালো। সেটি ব্যক্তিগত আলোচনা।’
ইভিএমের বিষয়ে মো. আলমগীর বলেন, সিদ্ধান্ত নয়, ইভিএমের ভালো দিকগুলো নিয়ে ব্যক্তিগত আলোচনা হয়েছে যে, ইভিএমে বিশ্বাস করা উচিত। কারণ ইভিএমে যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার পর কিন্তু কোনো প্রার্থী বলেনি নির্বাচনে কারচুপি হয়েছে। এই ধরনের একটি অভিযোগও আমরা পাইনি। সব রাজনৈতিক দল যদি ইভিএমের ভোটের বিষয়টি সমর্থন করতো তাহলে ভালো হতো সে বিষয়ে আলোচনা হয়েছে।’
বাংলাদেশের প্রেক্ষাপটে ধাপে ধাপে নির্বাচনের প্রয়োজনীয়তা আছে কী- এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘এখানে আমার ব্যক্তিগত কোনো পছন্দ অপছন্দের বিষয় নয়। এটা হলো জাতীয় সংসদ, দেশের রাজনৈতিক দল যে পদ্ধতি নির্ধারণ করবেন, কমিশন সেই পদ্ধতি অনুসরণ করে নির্বাচন করবে। কমিশন কোনো গাইডলাইন দিতে পারে না, সুপারিশ করতে পারে না। বরং সংবিধানে কী আছে, সে অনুযায়ী কমিশনকে ফলো করতে হবে। সংবিধান রচনা করবেন মহান জাতীয় সংসদ।’