• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

আফরিন-মোমেনের বৈঠকে অবাধ-সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

তিন দিনের সফরে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনে বৈঠক হয়েছে। বৈঠকে দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ‍ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) পররাষ্ট্র সচিবের সঙ্গে আফরিন আখতারের বৈঠকটি হয়।

বৈঠকের বিষয়টি জানিয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডিজি মাসুদ আলমের সঙ্গে দেখা করে আমরা আনন্দিত।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, বৈঠকে শক্তিশালী বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য দিক নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় ছিল- মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, আমাদের দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, স্বাধীন ও নির্দলীয় নির্বাচনী সমীক্ষা দলের সাম্প্রতিক সফর, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন এবং সরকারি প্রচেষ্টা নিশ্চিত করার বিষয়। বাংলাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে।

তিন দিনের সফরে সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।

সফরে বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক ছাড়াও রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন আফরিন আখতার। প্রথম দিন বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামীকাল মঙ্গলবার তিনি কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, রোহিঙ্গা সংকট ও জাতীয় নির্বাচন ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে এসেছেন মার্কিন প্রতিনিধি। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করবেন তিনি।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আফরিন আখতারের সফরে আলোচনায় নির্বাচন, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল, অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেতে পারে।

মূলত বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সরব যুক্তরাষ্ট্র। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটি। চলতি বছরে এজন্য নতুন ভিসানীতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে এবারের সফলে নির্বাচনের ইস্যুতে কোনো বার্তা দিতে পারেন বলে ধারণা কূটনৈতিক সূত্রগুলোর।

এর আগে গত বছরের মে মাসে ঢাকায় এসেছিলেন এই ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওই সময়ে তিনি ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেন। তার আগে ২০২২ সালের নভেম্বরে প্রথম ঢাকা সফর করেন আফরিন আখতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ