বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদ্যাপিত হবে, তা জানা যাবে আজ রোববার (৩০ মার্চ)। দেশের আকাশে আজ যদি ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে পরদিন সোমবার (৩১ মার্চ) সারা দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর যদি না দেখা যায়, তাহলে তার পরদিন মঙ্গলবার (১ এপ্রিল) ঈদ উদ্যাপিত হবে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
শনিবার (২৯ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
সভায় ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।
আজ রোববার (৩০ মার্চ) দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এদিন বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (১ এপ্রিল)।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে বলা হয়েছে। এছাড়া চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এদিকে, রেওয়াজ অনুযায়ী, সৌদি আরবে যেদিন ঈদ উদ্যাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সৌদি আরবে কবে ঈদ হবে, তা শনিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর জানা গেছে। সৌদি আরবে ঈদ হবে আজ রোববার।
এবার ঈদুল ফিতর কবে পালিত হবে সেটা সর্বপ্রথম ঘোষণা করল প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া। রোজার তারিখও দেশটি সবার আগে ঘোষণা করেছিল।
শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস। দেশটি জানিয়েছে, আগামী সোমবার (৩১ মার্চ) সেখানে ঈদ উদযাপিত হবে।