প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে একত্রিত করা পানামা খাল বিশ্বের অন্যতম ব্যস্ততম একটি নৌপথ। তবে জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্তর কমে যাওয়ায় খালটিতে প্রায় দুই শতাধিক জাহাজ আটকে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে গবেষণা সংস্থা ওয়েনটেক এসপিএফএক্স।
এতে বলা হয়, অভূতপূর্ব খরার কারণে জাহাজগুলো পানামাতে আটকে আছে। বৃষ্টির কম হওয়ায় জাহাজগুলো যেতে পারছে না। এছাড়া পানামা খাল কর্তৃপক্ষ বড় জাহাজগুলো থেকে বেশি অর্থ আদায় করছে। এর কারণে সরবরাহ ব্যবস্থা ব্যহত হতে পারে ও পণ্যের দাম বেড়ে যেতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গও এ তথ্য নিশ্চিত করেছে। গবেষণা সংস্থা জেনেটার প্রধান পিটার সেন্ড বলেন, অনেক বেশি জাহাজ ট্রানজিট করার ক্ষেত্রে খুব সামান্যই শিথিলতা আছে। এছাড়া খড়ার কারণে জাহাজগুলো যেতে পারছে না। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে ব্যবসায়ীরা।
এক পরিসংখ্যানে দেখে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৫৫ শতাংশ জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। সমগ্র বিশ্ব বাণিজ্যের ৫ শতাংশ সংঘটিত হয় এই পথ দিয়ে। পানামা খালের মাধ্যমে পানামা প্রজাতন্ত্র বছরে প্রায় ৭০ থেকে ৮০ কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করে যা পানামা প্রজাতন্ত্রের জাতীয় আয়ের এক-তৃতীয়াংশ।