• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

মাতৃভাষা পদক নিলেন তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ গ্রহণ করেছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমানসহ তিন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, বেদে জনগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান এই পদক পাচ্ছেন। এ বিষয়ে তার ‘ঠার: বেদে জনগোষ্ঠীর ভাষা’নামে একটি বই রয়েছে।

অন্যদের মধ্যে পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (কলেজের) ও গবেষক রনজিত সিংহ পদক পেয়েছেন। হারিয়ে যেতে বসা মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে কাজ করছেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ভাষায় সাহিত্যচর্চা, গবেষণা ও বই প্রকাশে তিনি অবদান রেখেছেন। আর ভারতের মাহেন্দ্র কুমার মিশ্র বহু ভাষার শিক্ষা নিয়ে কাজ করেন।

পদক পাওয়া প্রতিষ্ঠানটি হলো কানাডার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশন। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা আদায়ের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হয়। ২০২১ সালে এই পদক দেওয়া শুরু হয়। দুই বছর পরপর দেওয়া হয় এই পদক।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ