আজ ৭ সেপ্টেম্বর অপেক্ষার অবসান ঘটিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনায় মাতার দিন। তাই হলো। সিনেমা হলে কিং খান হাজির ‘জাওয়ান’ বেশে। মুক্তিপ্রাপ্ত ছবিটি দেখতে ভোরবেলায়ই দলে দলে প্রেক্ষাগৃহে চলে এসেছেন অনুরাগীরা।
সেইসঙ্গে ছবিটি নিয়ে বিভিন্ন ধরনের পাগলামী চলছে শাহরুখ ভক্তদের। তারই ধারাবাহিকতায় এবার ফুলের মালা দিয়ে, দুধ ঢেলে বরণ করে নেওয়া হলো ‘জাওয়ান’কে। চেন্নাইয়ে ঘটেছে এ ঘটনা।
‘জাওয়ান’ ছবির ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ উপলক্ষে সিনেমা হলের সামনে রাখা ছিল শাহরুখের বিশালাকার পোস্টার। ওই ফুলের মালা পরিয়ে দেন অনুরাগীরা। এখানেই শেষ নয়, শাহরুখের ওই পোস্টারে ঢেলে দেওয়া হয় দুধও।
‘জওয়ান’-কে ভালোবেসে এভাবেই বরণ করে আপন করে নিয়েছেন কিং খানের ভক্তরা। এরইমধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সেটি।
‘জাওয়ান’ দিয়ে তিন দশকের ক্যারিয়ারে রেকর্ড করেছেন কিং খান। প্রথম দিনই প্রায় ৬ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। জল্পনা ছিল, ওপেনিং ডে-তেই হেসেখেলে ৫০ কোটির ক্লাবে ঢুকবে ‘জওয়ান’। বিশ্লেষকদের ধারনা, তেমনটা হতে চলেছে।
ছবিটি নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।