• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

জার্মানির নির্বাচনে রক্ষণশীলদের জয়, কট্টরপন্থীদের উত্থান

আন্তর্জাতিক ডেস্কঃ / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

জার্মানির জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে রক্ষণশীলরা। ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের নেতা ফ্রিডরিখ মেৎস দেশটির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন। যদিও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে। খবর বিবিসি, রয়টার্স।

স্থানীয় সময় রোববার রাতে নির্বাচনের ফল ঘোষণায় দেখা যায়, ফ্রিডরিখের দল জয় পেলেও প্রত্যাশিত ৩০ শতাংশ ভোট পায়নি। অপরদিকে এই নির্বাচনে অপর জয়ী পক্ষ কট্টর ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে।

এদিকে এএফডির সঙ্গে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মেৎস। আর এএফডির চ্যান্সেলর প্রার্থী অ্যালিস ভাইডেল সমর্থকদের নিয়ে বিজয়োল্লাস করেছেন। তিনি বলেছেন, ফ্রিডরিখ মেৎসের কোয়ালিশন গড়ার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে। আমাদের নতুন নির্বাচন হবে- আমাদের আবার চার বছর অপেক্ষা করতে হবে বলে আমি মনে করি না।

ঊনসত্তর বছর বয়সী মেৎস কখনো মন্ত্রীর দায়িত্বও পালন করেননি। তবে তিনি অঙ্গীকার করেছেন যে তিনি পরবর্তী জার্মান চ্যান্সেলর হলে ইউরোপকে তার নেতৃত্ব দেখাবেন এবং ইউক্রেনের জন্য সমর্থন বাড়াবেন।

এদিকে জার্মানিতে রক্ষণশীলদের উত্থানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে নিজের ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, জার্মানির জনগণ ওলাফ শলৎজের নেতৃত্বাধীন মধ্য-বাম সরকারের নীতি প্রত্যাখ্যান করেছে।

এবারের নির্বাচনে কট্টরপন্থী এএফডিকে প্রকাশ্যেই সমর্থন যুগিয়েছেন ধনকুবের ইলন মাস্ক ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মিউনিখ সফরের সময় ভ্যান্স জার্মানিতে কট্টরপন্থীদের চাপে না রাখতে সরকারকে সতর্ক করেন। এমনকি তাদের গণতন্ত্র রক্ষার সবকও দেন। আর ইলন মাস্ক তার এক্স প্লাটফরমে এএফডির পক্ষে বারবার মন্তব্য করেছেন।

মধ্য ইউরোপের বড় দেশ জার্মানির এ নির্বাচনকে এ মুহূর্তে মহাদেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কারণ, ইউরোপে কট্টর জাতীয়তাবাদীদের উত্থান ঘটছে। জার্মানিতে কট্টরপন্থীরা আলোচনায় ছিল।

রোববার জার্মানিতে ভোটগ্রহণ হয়। ভোট গণনার শেষে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সিডিইউ এবং সিএসইউ পেয়েছে ২৮ দশমিক পাঁচ শতাংশ ভোট। বিপুল পরিমাণ ভোট কমেছে চ্যান্সেলর ওলাফ শলৎজের দল এসপিডি-র। প্রায় ৯ শতাংশ ভোট কমে তারা পেয়েছে ১৬ দশমিক চার শতাংশ ভোট। দ্বিতীয় জায়গায় আছে অতি দক্ষিণপন্থি দল এএফডি। তারা পেয়েছে ২০ দশমিক আট শতাংশ ভোট।

গত নভেম্বরে জার্মানির তিনদলীয় জোট সরকার ভেঙে যায়। এ পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ