গত তিন দিনে সরকার ১ লাখ ৭ হাজার টন আলু আমদানির অনুমতি প্রদান করেছে। এর বিপরীতে আজ ৭৭ টন আলু দেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া জানান, গত ৩ দিনে যেসব আমদানিকারকদের আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে, তারা ইতোমধ্যে ৭৭ টন আলু দেশে নিয়ে এনেছেন।
চলতি বছরের শুরু থেকেই চড়া আলুর বাজার। এর মধ্যে বেশির ভাগ সময় আলুর দাম প্রতি কেজি ৫০ টাকায় ছিল, যেখানে সাধারণ মানুষ ২০ থেকে ২৫ টাকায় আলু খেতে অভ্যস্ত। তবে শেষ পর্যন্ত কয়েক দফা দাম বেড়ে খুচরা দোকানে এখন আলু ৬০ টাকা পর্যন্ত উঠেছে।
দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে গত সোমবার (৩০ অক্টোবর) আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এর প্রেক্ষিতে গত ৩ দিনে কৃষি মন্ত্রণালয় ১ লাখ ৭ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে।
অন্যদিকে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) হিমাগার থেকে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রি করতে সারাদেশে জেলা প্রশাসকদের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এত উদ্যোগের মধ্যেও এখনো খুচরা বাজারে আলুর দামে কোনো প্রভাব পড়েনি।