দেশে আবারো সোনার ভরিপ্রতি দাম লাখ টাকা ছাড়াল। দাম বেড়ে এবার ভালো মানের সোনা এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ৫৪৪ টাকায়।
নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনায় দাম বেড়েছে এক হাজার ১৬৭ টাকা। আগামীকাল সোমবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
এর আগে গত ১২ অক্টোবর এক দফা সোনার দাম বাড়ানো হয়। তার আগে ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফা সোনার দাম কমানো হয়। এর মধ্যে ২৭ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়।
আর ১ অক্টোবর কমানো হয় ১ হাজার ৭৪৯ টাকা। আর ৫ অক্টোবর কমানো হয় ১ হাজার ১৬৭ টাকা। অর্থাৎ তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমে ৪ হাজার ২০০ টাকা। এখন দুই দফায় ৪ হাজার টাকা বাড়ানো হলো।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৮২ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮১৬ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১২ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৯৯ হাজার ৩৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮৬৬ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২৯৮ টাকা, এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়। আজ রোববার পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।