স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। তবে গতবারের মতো এবারও মহান বিজয় দিবসে প্যারেড হবে না।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগেও যেভাবে বিজয় দিবস হয়েছে, এবারও একইভাবে হবে। আগের থেকে আরও বেশি হবে। তবে, গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।
এদিকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে উঠিয়ে নেওয়া ঠিক না হলেও গতকাল রাতে একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয় এবং সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই জিনিসটা আপনার কাছে প্রথম শুনলাম, ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারবো।