• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]

হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে: প্রেস সচিব

দেশের আওয়াজ ডেস্ক : / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

আওয়ামী লীগ জনগণকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সহিংসতা চালাতে চায় বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলোকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ জনগণকে সন্ত্রাসী বলে চিহ্নিত করে সহিংসতার সুযোগ নিতে চায়-এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

প্রেস সচিব আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘এর জন্য অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট সব সংস্থা দিনরাত কাজ করছে’।

তিনি জানান, দেশজুড়ে ইতিমধ্যে নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে। “আমরা একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ,” যোগ করেন শফিকুল আলম।

সুশাসন প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ সুশাসন চায়, কিন্তু এটি একদিনে সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার কার্যক্রমে ১০ থেকে ১৫ বছর সময় লেগেছে। আমাদেরও নির্বাচনের পর সংলাপের মাধ্যমে ধীরে ধীরে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। নেপালে এই প্রক্রিয়ায় ৯ বছর সময় লেগেছিল।’

নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব বিষয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘অনেকে বলেন জুলাই সনদে নারী বা শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই, কিন্তু বাস্তবে সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্বই সেখানে রয়েছে।’

প্রযুক্তি ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘পরবর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কর্মসংস্থান সৃষ্টি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতোমধ্যে শ্রমবাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।’

রেল খাতে বিনিয়োগ সম্পর্কে শফিকুল আলম বলেন, ‘দেশের যোগাযোগ অবকাঠামো আধুনিক করতে রেল প্রকল্পে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ