নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সময় এসব তথ্য দেন ইসি সচিব।
প্রতীক চূড়ান্ত হলে জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন সনদ দেবে নির্বাচন কমিশন। কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে এখনো অনড় এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে এনসিপি। তবে শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানাচ্ছে ইসি।
শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যেকোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠিও দিয়েছে কমিশন। তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে সময়ও বেঁধে দিয়েছিল নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।
তবে এনসিপি বলছে তাদের পছন্দের শাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৫০টি প্রতীকের অন্য কোনোটিই নেবে না তারা।