• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

দুই শতাধিক যুবদের অংশগ্রহণে জাতীয় যুব সম্মেলন

দেশের আওয়াজ ডেস্ক : / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

যুব নেতৃত্বকে উৎসাহিত করতে এবং জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় যুবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীতে আয়োজন করা হয়েছে জাতীয় যুব সম্মেলন-২০২৫।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের যুব নেতৃত্বাধীন সংগঠনের দুই শতাধিক যুবক অংশগ্রহণ করেন।

সম্মেলনে তিনটি প্যানেল আলোচনায় যুব নেতৃত্বরা কাজের সময়ের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্যানেল আলোচক ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সমস্যাগুলোর সমাধানের উপায় ও সমাধানের আশ্বাস দেন।

সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইউথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ওয়াই-মুভস প্রকল্পের আওতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ‘যুব কর্মসংস্থান, অংশগ্রহণ ও অধিকার’, ‘জলবায়ু ন্যায়বিচার ও যুব নেতৃত্ব’ এবং ‘জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকরা শ্রমবাজারের চাহিদার সঙ্গে আইসিটি ও কারিগরি প্রশিক্ষণের সামঞ্জস্য, তথ্যপ্রাপ্তি ও কৌশলগত যোগাযোগ নিশ্চিতকরণ, উদ্যোক্তাদের জন্য টেকসই সহায়তা কাঠামো তৈরি, মেধাভিত্তিক নিয়োগ প্রচলন এবং প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তারা নীতি প্রণয়নে তরুণদের কণ্ঠ প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার গুরুত্ব উল্লেখ করেন, যাতে বাংলাদেশের কর্মসংস্থানের ভবিষ্যৎ আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই হয়।

জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে আলোচকরা বলেন, সরকার ও প্রতিষ্ঠানগুলোকে এমন উদ্যোগ গ্রহণ করতে হবে, যা নারী, সকল জেন্ডারের মানুষ, আদিবাসী জনগোষ্ঠী, বিশেষ ও সংখ্যালঘুদের জন্য পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করে। তারা উদ্যোক্তা মেলা, মেন্টরশিপ এবং অন্তর্ভুক্তিমূলক প্রোগ্রামগুলো অর্থনৈতিক ও নেতৃত্বের পথ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এ ছাড়া ন্যায্য নিয়োগ, নিরাপদ কর্মক্ষেত্র এবং যুবকদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্কুল পাঠ্যক্রম সংস্কার এবং যুব-নেতৃত্বাধীন মিডিয়া ক্যাম্পেইন পরিচালনার ওপরও জোর দেন।

আলোচনার বিভিন্ন সময়ে অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়ন মনিটরিং ও যুব সংস্থার পরিচালক এ. হামিদ খান, পরিবেশ অধিদপ্তরের বায়ু মান ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল হক, সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট সৌর্য্যা তালুকদার, চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান, ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্ম সিনিয়র ম্যানেজার দিতিপ্রিয়া রায় চৌধুরী প্রমুখ।

দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা, নেটওয়ার্কিং সেশন অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতা ও ভাববিনিময়ের সুযোগ তৈরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ