সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এবং স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ নিয়েছে। এজন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিদিন ১ মেট্রিক টন আটা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং স্বল্প আয়ের মানুষকে সুলভ মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বর্তমানে সারাদেশের সিটি করপোরেশন, শ্রমঘন জেলা ও উপজেলা এবং জেলা সদর পৌরসভায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস সাধারণ) কার্যক্রম চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিদিন ১ মেট্রিক টন আটা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। প্রতি কেজি খোলা আটার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ টাকা।