• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

ইসির নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হবে দলগুলোকে

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে হলে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন সকল রাজনৈতিক দলগুলোকে পূরণ করতে হবে একগুচ্ছ শর্ত। সোমবার (১০ মার্চ) নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত। আগের আইন অনুযায়ী নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন করা যাবে।

ইসি কর্মকর্তারা জানান, বিদ্যমান আইন অনুযায়ী নিবন্ধনের শর্ত পূরণ করে অফেরতযোগ্য নিবন্ধন ফি ৫ হাজার টাকা জমাসহ ১০টি তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি, তহবিলের উৎস, দল নিবন্ধনের আবেদনকারীর ক্ষমতাপত্র, নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য ট্রেজারি চালানের কপি এবং নিবন্ধন শর্তের তিনটির মধ্যে যেকোনো একটি পূরণের দলিলাদি জমা দিতে হবে।

জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কমিশনের তিনটি শর্তের মধ্যে একটি পূরণ হলে একটি দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়। এগুলো হলো—

১. দেশ স্বাধীন হওয়ার পর যেকোনো জাতীয় নির্বাচনে আগ্রহী দলটিতে যদি অন্তত একজন সংসদ সদস্য থাকেন।

২. যেকোনো একটি নির্বাচনে দলের প্রার্থী অংশ নেওয়া আসনগুলোয় মোট প্রদত্ত ভোটের ৫ শতাংশ পায়।

৩. দলটির যদি একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক তৃতীয়াংশ (২১টি) প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকে।

পুরোনো দলগুলোর ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কমিশনের তিনটি শর্তের মধ্যে একটি পূরণ করতে পারলেই নিবন্ধন পেয়ে যাবে ওই রাজনৈতিক দলটি। তবে নতুন দলের ক্ষেত্রে তৃতীয় শর্তটি পূরণ ব্যতিরেকে নিবন্ধন পাওয়ার কোনো সুযোগ নাই।

সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। সম্প্রতি নতুন দল হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি)।

নতুন দলের জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির তালিকাসহ শর্তপূরণের বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবার তো অনেক দল আবেদন করতে পারে বলে মনে হয়। শর্ত পূরণ করতে পারলে আবেদনের নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো দিন করতে পারে। নিবন্ধনও লম্বা প্রসেস। বিদ্যমান আইন অনুযায়ীই আমরা এসব করতে চাইব। তারপর দেখা যাক। পরবর্তীতে কোনো সংশোধনী এলে তখন আইন পরিবর্তন সম্ভব হলে সে আঙ্গিকে হবে।

২০০৮ সালে এটিএম শামসুল হুদা কমিশন আইনি সংস্কার এনে নিবন্ধন প্রথা চালু করে। তাতে নিবন্ধনের তিনটি শর্ত দেওয়া হয়। ভোটে নিবন্ধিত দলগুলোকেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। সে সময় থেকে ধরে এখন পর্যন্ত ৫৪টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণে ব্যর্থ বা আদালতের আদেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে ইসির নিবন্ধিত দলের সংখ্যা রয়েছে ৪৯টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

ইসির কর্মকর্তারা জানান,আমাদের লক্ষ্য ডিসেম্বরে সংসদ নির্বাচন করা এবং অক্টোবরকে আমরা তফসিলের মাস ধরে কার্যক্রম পরিচালনা করছি। এক্ষেত্রে নতুন দলের আবেদন নেওয়ার পর তা আগস্টের আগে বা মাঝামাঝি সময়ে আমাদের শেষ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ