• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]

মিউনিখে ব্যস্ত প্রধানমন্ত্রী, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে (এমএসসি) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে জার্মানিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর এটাই তার প্রথম কোনো বিদেশ সফর। এই সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী।

সফরের প্রথম দুই দিনে কনফারেন্সে যোগ দেওয়া ছাড়াও বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সরকারপ্রধান। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি পেয়েছেন বিশ্ব নেতাদের অভিনন্দনও।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী। সরকারি বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, এদিন তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ইউক্রেন ও আজারবাইজানের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া বক্তব্য দিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত অনুষ্ঠানেও।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে আগামীকাল রোববার রাতে তিনি মিউনিখ ত্যাগ করবেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। শনিবার বিকেলে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফ-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে তাঁরা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় অন্যান্যের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

জার্মানির চ্যান্সেলরের সঙ্গে বৈঠক

সম্মেলনের ফাঁকে জার্মানির চ্যান্সেলর ওলাফ শ্লোজের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সরকারপ্রধান। শনিবার বিকেলে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফ-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বৈঠককালে তাঁরা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

নিজস্ব মুদ্রায় ভারতের সঙ্গে ব্যবসা বাড়ানোয় জোর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ ও ভারতের নিজস্ব মুদ্রা বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি বিনিময়ের মাধ্যমে আমাদের মধ্যে ব্যবসা করতে পারি। এটি ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে ব্যবসা সম্প্রসারিত করতে এটিকে আমাদের আরও বাড়াতে হবে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন।

সকালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এর সাইডলাইনে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফকালে বলেন, মার্কিন ডলারের মতো অন্যান্য মুদ্রার ওপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জয়শঙ্কর নিজস্ব মুদ্রার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে ব্যবসা সম্প্র্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা অন্য উচ্চতায় উন্নীত হয়েছে।

‘দুই দেশের মধ্যে সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছ ‘ উল্লেখ করে তিনি বলেন, ‘বৈঠকে দুই নেতা বিভিন্ন নিয়ে আলোচনা করেন।’

ড. হাছান জয়শঙ্করকে উদ্ধৃত করে বলেন, ‘আগামী দিনগুলোতে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।’

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নূর এলাহী মিনা ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।

জেলেনস্কির সঙ্গে বৈঠক, যুদ্ধ বন্ধের আহ্বান

সিকিউরিটি কনফারেন্সের সাইডলাইনে হোটেল বেয়েরিশার হফে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন আমরা সবধরনের যুদ্ধের বিরুদ্ধে। আজ জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় কীভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়ে তিনি বারবার আলোচনা করেছেন।

ড. হাছান বলেন, বৈঠকে তারা গাজায় নিরপরাধ নারী-পুরুষের ওপর হামলা কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রী সবাইকে স্মরণ করিয়ে দেন যে, যুদ্ধ কারও জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধের মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে। কিন্তু যুদ্ধ লিপ্ত দেশগুলোর জন্য তা কল্যাণ বয়ে আনতে পারে না এবং তাদের জনগণকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হতে হয়।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের দুর্ভোগ এবং তিনি নিজেও যে দুর্ভোগের শিকার হয়েছিলেন তার স্মৃতি স্মরণ করেন। তিনি যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বন্দিদশায় তার অমানবিক কষ্ট এবং তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মের কথা স্মরণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও জেলেনস্কির মধ্যে আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি: ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ স্পষ্টভাবে উঠে আসে।

‘বাংলাদেশ যাতে রাজাকারদের আস্তানায় পরিণত না হয়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের প্রতি কেউই যেন এ দেশকে আবার স্বাধীনতাবিরোধীদের দেশে পরিণত করতে ও দেশকে পেছনের দিকে ঠেলে দিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার রাতে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই এই অগ্রগতি অব্যাহত থাকবে। দেশকে কেউ যেন পেছনের দিকে ঠেলে দিতে ও রাজাকারের দেশে পরিণত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন।’

মিউনিখের হোটেল বার্গারহাউস গার্চিং-এ জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী দেশবাসীর ভাগ্য নিয়ে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

শেখ হাসিনা বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, যেখানে প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ও অসাম্প্রদায়িক চেতনায় আমরা জাতির পিতার বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট সোনার বাংলাদেশে রূপান্তরিত করব।

প্রধানমন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধের ফল সবার দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় বৃথা যেতে দেবেন না। তিনি বলেছেন, ‘আমি কখনই ভাবি না আমার কী দরকার, বরং আমি ভাবি যে আমি দেশ এবং এর জনগণের উন্নতির জন্য কী করতে পারি।’

এর আগে শুক্রবার মিউনিখের হোটেল বেইরিশার হফ-এ সম্মেলনস্থলে শেখ হাসিনা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সাথে বৈঠক করেন।

কনফারেন্স ভেন্যুতে, তিনি মেটা গ্লোবাল অ্যাফেয়ার্স-এর প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ এবং বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম ঘেব্রেইসাসের সঙ্গেও বৈঠক করেন।

এর আগে সকালে, উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল) এর সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ