• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]

ইজতেমা ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল লাখো মুসল্লি

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

ইবাদত-বন্দেগি, যিকির-আযকার ও দেশ-বিদেশের শীর্ষ আলেমদের বয়ান শুনে টঙ্গীর তুরাগ-তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন অতিবাহিত করছেন মুসল্লিরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন শুরু হয়। ইজতেমা ময়দানে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম ও শীর্ষস্থানীয় মুরুব্বিরা কোরআন-হাদিসের আলোকে বয়ান করছেন। মুসল্লিরা ধৈর্য সহকারে দ্বীন ও আখলাকের বয়ান শুনছেন। বয়ানের মূল বিষয়, নিজে ইসলামের পথে চলা এবং অন্যদের ইসলামের পথে চলার দাওয়াত দেওয়া।

৫৭তম বিশ্ব ইজতেমায় অংশ নিতে দুই দিন আগে থেকে তুরাগ তীরে আসতে থাকেন মুসল্লিরা। তবে গতকাল থেকে মুসল্লিতে ভরে যায় ইজতেমা মাঠ।

শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে প্রথম দিন শুরু হয়। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশ্যে তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় আলেমরা কোরআন-হাদিসের আলোকে ঈমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে বয়ান করছেন। ফজর থেকে শুরু হওয়া এই বয়ান চলবে এশা পর্যন্ত।

এদিকে শুক্রবার হওয়ায় আজ দেশের সবচেয়ে বড় জুমার জামাত হয়েছে তুরাগ তীরে। বড় জামায়াতে সামিল হতে ভোর থেকে ঢাকা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে লাখো মুসল্লি আসতে থাকেন তুরাগ তীরে। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয় ইজতেমা ময়দান। জুমার নামাজে শরিক হতে সড়ক, রেল ও নৌপথে মুসল্লিদের কাফেলা টঙ্গীর ইজতেমা ময়দানে আসে। মুসল্লিদের এই ঢল শুক্রবার জু’মার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকে। আসেন বিদেশি মেহমানরাও।

ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার জামাত শুরু হয় দেড়টার পর। নামাজের ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের।

ময়দানে জায়গা না পেয়ে অনেক মুসল্লি মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে নামাজে শরিক হয়েছেন। ফলে অনেক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রথম পর্বের ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে তাসবিহ-তাহলিল, জিকির-আসকার ও বিভিন্ন নফল ইবাদতে সময় পার করছেন।

উল্লেখ্য, প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়ের অনুসারীরা অংশ নিচ্ছেন। এই পর্বের ইজতেমা শেষ হবে আগামী রোববার।

এরপর ৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে দিল্লির নিজামউদ্দিন মারকাজের অনুসারী (সা’দ পন্থি) মুসল্লিরা দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ