প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে। এতে বিকল্প চেয়ারপারসন রাখা হয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে। সোমবার (২২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
তাতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে প্রধান করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এইদিন শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৬ সদস্য।
এরমধ্যে নব নির্বাচিত সংসদ সদস্যরাও শপথ নিয়েছেন। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আগামী ৩০ জানুয়ারি বসছে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন।