সৎ বাবা-মাকে মেনে নেওয়ার মানসিকতা সবার থাকে না। এ ঘটনাকে কেন্দ্র করে পিতা-মাতার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে এমনে উদাহরণ অনেক আছে। তবে এবার নজীর সৃষ্টি করতে যাচ্ছেন ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী সুম্বুল তৌকির। নিজের পিতাকে দ্বিতীয় বিয়ে দিচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মাত্র পাঁচ বছর বয়সে মা হারান সুম্বুল। এরপর বাবা তৌকির খান কোলে-পিঠে মানুষ করেন সুম্বুল ও তার বোনকে। মায়ের অভাব কখনও বুঝতে দেননি। তাদের সব দায়-দায়িত্ব পালন করেছেন।
এবার বাবার ভালো থাকার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সুম্বুল। জানা গেছে, সামনের সপ্তাহে বাবা তৌকির খানকে বিয়ের পিঁড়িতে বসাবেন তিনি। পাত্রী নিলুফার এক কন্য়া সন্তানের জননী।
বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে সুম্বুল খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমরা খুব উত্তেজিত। আমি তো মুখিয়ে রয়েছি পরিবারে নতুন সদস্যদের স্বাগত জানাতে। শুধু বাবার নতুন স্ত্রী নয়, তার সঙ্গে একটা ছোট বোনও পেতে চলেছি আমি। খুব খুশি। আমাদের বাবা আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, সাপোর্ট সিস্টেম। আমরা বারার জন্য খুব আনন্দিত। আমাদের জেঠুর বড় ভূমিকা রয়েছে গোটা ব্যাপারটা সুস্থভাবে পরিচালনা করতে, আমি ওনার কাছে কৃতজ্ঞ।’
বিষয়টি নিয়ে তৌকির খান বলেন, ‘এটা আমার দুই মেয়ের চক্রান্ত। তাদের চাচার সঙ্গে হাত মিলিয়ে সুম্বুল আর সানিয়া আমার বিয়ের ঠিক করেছে। গত ১০ বছর ধরে ওরা আমাকে বিয়ের কথা বলে চলেছে। সত্যি বলতে আমি খুব ভয়ে রয়েছি।’
সুম্বুলের বিচরণ ভারতীয় ছোটপর্দায়। ২০১৩ সালে ‘যোধা আকবর’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি। এতে শিশুশিল্পী হিসেবে ছিলেন। এরপর ‘চন্দ্রগুপ্ত মৌর্য’সিরিয়ালে দেখা গেছে তাকে। পরিণত বয়সে তাকে পরিচিতি এনে দেয় ‘ইমলি’নামের একটি সিরিয়াল। একে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তিনি। অন্যদিকে সুম্বুলের বাবা তৌকির খান পেশায় একজন কোরিওগ্রাফার।