বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের মামলায় পক্ষভুক্ত হতে সুপ্রিম কোর্টের ২০০ জন আইনজীবীর আবেদনের শুনানি আগামী ১৬ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে।
সোমবার (৩০ অক্টোবর) এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম আদালত অবমাননা মূল আবেদনের সাথে ১৬ নভেম্বর এবিষয়ে শুনানির দিন ধার্য করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
গত ১৮ অক্টোবর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ বিষয়ে দুটি আবেদন করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মহসিন রশিদ একটি আবেদন করেছেন। এছাড়া সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক আলহাজ গীয়াস উদ্দিন আহমেদ, এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্ট (ইউএলএফ) এর সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী জগলুল হায়দার আফ্রিক, কে এম জাবির, খালেদ আহমেদ, মোহাম্মদ আলী. ড. রফিকুল ইসলাম মেহেদী, গোলাম রহমান, কে আর খান পাঠান, রেজাউল করিম রেজাসহ প্রায় ২০০ জন আইনজীবী আদালত অবমাননার মামলায় অন্তর্ভুক্ত হতে অপর একটি আবেদন করেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। এ প্রেক্ষাপটে ওই আদালত অবমাননার মামলায় স্বেচ্ছায় আসামি হতে সুপ্রিম কোর্টের ২০০ জন আইনজীবী আবেদন করেছেন বলে সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান খান জানিয়েছেন।
সাত আইনজীবী নেতা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।
এর আগে গত ২৯ আগস্ট বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন আওয়ামী লীগপন্থী আইনজীবী নাহিদ সুলতানা যুথি। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ‘আমরা বাংলাদেশের বিচারপতিরা হলাম শপথবদ্ধ রাজনীতিবিদ’- আপিল বিভাগের এক বিচারপতির এমন বক্তব্যকে কেন্দ্র করে মিছিল-স্লোগান-সভা অব্যাহত রাখায় বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।