• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশনের উদ্যোগ তালগাছ রোপণের মাধ্যমে জলবায়ু আন্দোলনের সূচনা

নিজস্ব প্রতিবেদক / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বরেন্দ্র অঞ্চলে এক ব্যতিক্রমধর্মী পরিবেশগত আন্দোলনের সূচনা করেছে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশন। বরেন্দ্র অঞ্চলের পরিবেশ রক্ষা, খরা মোকাবিলা ও স্থানীয় জনগণের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা হাতে নিয়েছে এক লক্ষ গাছ রোপণের বৃহৎ পরিকল্পনা, যার নাম দেওয়া হয়েছে “কাউন্টার ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট”।

এই প্রকল্পের অংশ হিসেবে আজ ৭ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হঠাৎপাড়া-মাধবপুর সংযোগ সড়কের রোড রিজার্ভ এলাকায় প্রথম ধাপে ২০০টি তালগাছ রোপণের মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা করেন।

স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মরিয়ম সরকার জানান, বরেন্দ্র অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনা এবং জলবায়ুর বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষাই আমাদের মূল লক্ষ্য।
আমরা চাই, এই অঞ্চল যেন আবার সবুজে ভরে উঠে প্রাণ ফিরে পায়। এক লক্ষ গাছ রোপণের এই উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মের দায়িত্ববোধ থেকেই কাজ করছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা সদস্য সচিব ও স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোঃ রহমতউল্লাহ বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমরা শুধু গাছ রোপণ করবো না, বরং স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠীকে টেকসই কৃষি, মাটির ক্ষয়রোধ এবং পরিবেশবান্ধব জীবনযাপনে প্রশিক্ষণও প্রদান করবো।

প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ বলেন, এই প্রকল্পের উদ্বোধনী ধাপে তালগাছ রোপণকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তালগাছ বজ্রপাত নিরোধক গাছ হিসেবে পরিচিত এবং তা দীর্ঘস্থায়ী, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল। অতীতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা কমাতে দেশব্যাপী তালগাছ রোপণের প্রস্তাবনা এসেছে বিভিন্ন পর্যায় থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো, উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, কেল্লাবারুইপাড়া জামে মসজিদের ইমাম মুফতি নোমান বারী।

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্র অঞ্চল দিন দিন শুষ্ক হয়ে উঠছে। খরা, অনাবৃষ্টি ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। একইসঙ্গে ভূমিক্ষয়, পরিবেশগত ভারসাম্যহীনতা এবং জীববৈচিত্র্যের ক্ষতি এই অঞ্চলের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

এমন বাস্তবতায় স্থানীয়ভাবে গাছ রোপণ, বনায়ন এবং পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি অত্যন্ত জরুরি। এই প্রেক্ষিতে শিক্ষার্থীদের নেতৃত্বে গৃহীত ‘কাউন্টার ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট’ প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন রাজশাহীর পরিবেশ সচেতন নাগরিকরা।
স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল পরিবেশপ্রেমী, শিক্ষার্থী, যুবক ও সমাজসেবকদের এই বৃক্ষরোপণ অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। তাদের বিশ্বাস, সম্মিলিত প্রয়াসেই সম্ভব বরেন্দ্রকে আবার সবুজ ও বাসযোগ্য করে তোলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ