রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীবকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ বলেও উল্লেখ করেন শোক বার্তায়।
তিনি বলেন, আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি।
সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও জানান তিনি।
দুর্ঘনার পর এখন পর্যন্ত ২৫ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। এ দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন। এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।
আইএসপিআর জানিয়েছে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।
স্কুলটির একজন শিক্ষক জানান, ছুটির সময় বিমানটি আছড়ে পড়ে স্কুলটির একটি ভবনে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে।
আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা। অন্তত এক শিক্ষার্থী নিহত হয়েছে বলেও জানান তিনি।
ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা। হতাহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে নেয়া হচ্ছে।