যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে হবে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে সোমবারের মধ্যে পাঠানো হবে।
রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান।
আলী রীয়াজ বলেন, রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন নিয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এ ছাড়া অমীমাংসিত অন্য বিষয়েও আলোচনা হবে।
তিনি বলেন, ২০টি বিষয়ের মধ্যে এরইমধ্যে নোট অব ডিসেন্টসহ ১০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সাতটি বিষয়ে ঐক্যমত হয়নি। আর তিনটি বিষয়ে আলোচনা প্রস্তাব দেয়া হবে। আজকে সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে।
তিনি আরও বলেন, নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে সব দল একমত হয়েছে। আগামীকাল জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে।